.
বন্ধু তোমায় মনে পড়ে
একলা হই গো যবে,
একাকিত্ব ভেঙে তোমার
দেখা পাব কবে!
.
তোমায় ভেবে আমার মনে
সদা লাগে দোলা,
তোমার কথা ভেবে আমি
হই গো আত্মভোলা!
.
তোমার বুকের গভীর জলে
ঠাঁই পাব কি আমি,
এসব কথা ভেবে ভেবেই
কাটাই দিবসযামী!
.
একটি বার তাই নাও না ডেকে
ভালোবাসা দিয়ে,
বুকের কষ্ট দূর করে দাও
তোমার বুকে নিয়ে!
.
তোমার বুকের অতল প্রেমে
চাই হারিয়ে যেতে,
সব হারিয়ে তোমায় আমি
চাই যে শুধু পেতে!
রবিবার, ৭ আগস্ট, ২০১৬
চাই যে শুধু পেতে
বুধবার, ২৭ এপ্রিল, ২০১৬
★★★ আমি যবে... ★★★
আমি যবে শুদ্ধ হব
সত্য ন্যায়ের যুদ্ধ হব
হব ভীষণ ক্রুদ্ধ,
হকের পথে চলতে গিয়ে
সত্য কথা বলতে গিয়ে
থাকব নাক' রুদ্ধ।
.
আমি যবে শান্তি হব
সবার মনের কান্তি হব
হাসবে গরিব চাষা,
হক আদায়ে নামব মাঠে
গ্রাম-শহরে, বাজার-হাটে
জন্ম দেব ভাষা।
.
আমি যবে শক্তি হব
সত্য ন্যায়ের ভক্তি হব
হবে সবাই সুখী,
স্বপ্ন সবার সুখের হবে
শান্তি সুখে থাকবে সবে
কেউ রবে না দুখী!
বুধবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৬
জীবনের মানে
জীবনের মানেটা যে
খুব বেশি সোজা না,
কিভাবে বা কে চলে
এসব যে খোঁজা না।
.
এখানে ওখানে ঘোরা
উদাস হয়ে হণ্টন,
উপযাজক হয়ে করা
বিদ্যে-বোঝা বণ্টন।
.
খোঁজে বের করা শুধু
অপরের যত দোষ,
আপনারে নিয়ে তবু
আপ্লুত সদা খোশ।
.
জীবনটা গড়ার লাগি
নিজে শোধরানো চাই,
কঠোরতা ত্যাগ করি
একে অপরের ভাই।
.
পথেঘাটে লাঞ্ছনা
হতে পারে সইতে,
অপরের বোঝা কত
হতে পারে বইতে।
.
শোক, দুঃখ, বেদনা সব
থাকুক মন-গভীরে,
মানুষের কাছে ভাসুক
আনন্দ ছবি রে!
শুক্রবার, ২৯ জানুয়ারি, ২০১৬
অন্তরে দগদগে ঘা!
.
আমার ভেতরে বাস করে—
পরস্পরবিরোধী কিছু সত্ত্বা!
কেউ বলে, 'নিজেকে প্রকাশ কর;
অন্তত বেঁচে থাকার জন্য হলেও—
কোনো একটা অবলম্বন দরকার।'
কেউ বলে, 'না; কী লাভ নিজেকে ছড়িয়ে দিয়ে?
সম্পর্কের বাগডোরটা নিজের হাতেই রাখ!' ...
.
মাঝেমধ্যে— বোধহয় নিজের হতাশা
ঢাকার জন্যই— ছুটে যাই;
কোনো সাধারণ মানুষের কাছে।
জিজ্ঞেস করি— 'আপনি কি সুখী?
জীবনটা নিজের কাছে বিষাক্ত লাগে না তো?'
কেউ জবাব দেয় না; বিরক্ত হয়,
কেউ ভ্রু-কুঞ্চিত করে।
কেউ ভাবে— পাগল!
আমি ফিরে আসি— আপন ভুবনে।
অন্তরে গভীর দগদগে ঘা নিয়ে!
মঙ্গলবার, ২৬ জানুয়ারি, ২০১৬
কোন মহানের দান!
√••• মানসূর আহমাদ
.
সাতসকালে পিউ পাপিয়া
কার নামেতে ডাকে,
সূর্যকিরণ প্রতি ভোরে
কার ছবি যে আঁকে!
দোয়েল কোয়েল কার নামেতে
গায় যে মধুর গান,
এতো সুন্দর সকাল বল
কোন মহানের দান!
.
কার ইশারায় মেঘেরা ওই
সূর্যটাকে ঢাকে,
কার নিশানায় পাখিরা সব
উড়ে ঝাঁকে ঝাঁকে!
জুঁই, চামেলি, শাপলা, পদ্ম,
হাসনাহেনার ঘ্রাণ,
গোলাপ, জবার সুবাস বল
কোন মহানের দান!
.
কার ইশারায় পাহাড়টা ওই
ঠায় দাঁড়িয়ে থাকে,
কার নামেরই অনুরণন
ঢেউয়ের বাঁকে বাঁকে!
কার নামেতে ছুটে চলা
নদীর কলতান,
সুদূর উঁচু আকাশ বল
কোন মহানের দান!